প্রান্তিক অর্থনীতি সচল রাখতে এমএসএমই খাতের বিকল্প নেই

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৪:২৩ এএম

বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাত এখন কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের মোট জিডিপির প্রায় ২৭ শতাংশ আসে এ খাত থেকে। গ্রামীণ অর্থনীতি সচল রাখা, স্থানীয় শিল্পায়ন ত্বরান্বিত করা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। এমএসএমই খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ, অর্থায়ন ও উদ্যোক্তা উন্নয়নে ব্যাংকিং খাতের ভূমিকা নিয়ে দেশ রূপান্তরের সঙ্গে কথা বলেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ। সাক্ষাৎকার নিয়েছেন নিজস্ব প্রতিবেদক নাজমুল ইসলাম।

দেশ রূপান্তর : দেশের অর্থনীতিতে এমএসএমই খাতের বর্তমান অবস্থান কীভাবে দেখছেন?

মোহাম্মদ মামদুদুর রশীদ : বাংলাদেশের অর্থনীতিতে এমএসএমই খাত এখন শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি। দেশের জিডিপির প্রায় ২৭ শতাংশ আসে এ খাত থেকে। কয়েক কোটি মানুষের জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর ওপর নির্ভরশীল। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক অর্থনীতি সচল রাখা এবং স্থানীয় পর্যায়ে শিল্পায়ন ত্বরান্বিত করতে এ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশ রূপান্তর : ইউসিবির এমএসএমই অর্থায়নের বর্তমান চিত্র কী?

মোহাম্মদ মামদুদুর রশীদ : ইউসিবির অন্যতম কৌশলগত অগ্রাধিকার হলো এমএসএমই ব্যাংকিং। বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা সহজ শর্তে ঋণ বিতরণ, নারী উদ্যোক্তাদের অন্তর্ভুক্তি এবং প্রান্তিক উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছি। বর্তমানে ইউসিবির এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগ ২০ হাজারের বেশি উদ্যোক্তাকে সেবা দিচ্ছে। প্রায় ৭ হাজার ২৫৯ কোটি টাকার ঋণ পোর্টফোলিও নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করছে ব্যাংকটি। এর মধ্যে প্রায় ৮৩ শতাংশ অর্থায়ন স্ব-তহবিলভিত্তিক।

দেশ রূপান্তর : জামানত ছাড়া বা কম জামানতে ঋণ দেওয়ার কোনো পরিকল্পনা আছে?

মোহাম্মদ মামদুদুর রশীদ : ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় বাধাগুলোর একটি হলো জামানতের অভাব। তাই বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন ও ক্রেডিট গ্যারান্টি সুবিধার আওতায় সহজ শর্তে ঋণ বিতরণে গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি ব্যবসার সক্ষমতা, নগদ প্রবাহ ও উদ্যোক্তার সম্ভাবনা বিবেচনায় বিকল্প মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে অর্থায়নের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ রয়েছে।

দেশ রূপান্তর : নারী উদ্যোক্তাদের জন্য কী বিশেষ সুবিধা রয়েছে?

মোহাম্মদ মামদুদুর রশীদ : নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে আমরা ‘ইউসিবি আয়মা দীপ্তি’ নামে বিশেষ ব্যাংকিং সেবা চালু করেছি। এর মাধ্যমে নারী উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ ও অন্যান্য ব্যাংকিং সুবিধা পাচ্ছেন। পাশাপাশি প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন এবং বাজার সংযোগ তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে।

দেশ রূপান্তর : তরুণ উদ্যোক্তাদের জন্য কী কর্মসূচি রয়েছে?

মোহাম্মদ মামদুদুর রশীদ : নতুন উদ্যোক্তা তৈরিতে ‘ইউসিবি সূচনা’ নামে বিশেষ ঋণসেবা চালু করেছি। এ ছাড়া ‘ইউসিবি এসএমই ইনস্টলমেন্ট লোন’সহ ধ্রুব, অঙ্কুর, দুর্জয়, ঠিকানা ও প্রগতি নামে বিভিন্ন অর্থায়ন প্যাকেজ রয়েছে। চলতি বছরে ইউসিবির এমএসএমই রপ্তানি ব্যবসায় প্রায় ৩৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যেখানে একই সময়ে দেশের সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক ৩ শতাংশ।

দেশ রূপান্তর : এমএসএমই ঋণে খেলাপির পরিস্থিতি কেমন?

মোহাম্মদ মামদুদুর রশীদ : বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কিছু চাপ থাকলেও অধিকাংশ উদ্যোক্তা সৎভাবে ব্যবসা পরিচালনা করেন। আমরা শুধু ঋণ বিতরণ নয়, নিবিড় তদারকি, ব্যবসায়িক পরামর্শ এবং গ্রাহকের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছি।

দেশ রূপান্তর : গ্রামীণ উদ্যোক্তাদের অর্থায়নে কী উদ্যোগ নিয়েছেন?

মোহাম্মদ মামদুদুর রশীদ : বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষি, ক্ষুদ্র শিল্প, সেবা ও উৎপাদন খাতের জন্য রয়েছে বিশেষায়িত অর্থায়ন পণ্য। পাশাপাশি প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিও পরিচালিত হচ্ছে।

দেশ রূপান্তর : বাংলাদেশ ব্যাংকের নীতিগত সহায়তা কতটা কার্যকর?

মোহাম্মদ মামদুদুর রশীদ : পুনঃঅর্থায়ন তহবিল, প্রণোদনা প্যাকেজ, স্বল্প সুদে ঋণ ও ক্রেডিট গ্যারান্টি সুবিধা এমএসএমই অর্থায়নে ইতিবাচক ভূমিকা রাখছে। তবে খাতটির পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে বিকল্প অর্থায়ন ব্যবস্থা, উন্নত ক্রেডিট তথ্যভা-ার ও ডিজিটাল ঋণ মূল্যায়নের ওপর আরও জোর দেওয়া প্রয়োজন।

দেশ রূপান্তর : নতুন উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কী?

মোহাম্মদ মামদুদুর রশীদ : ব্যবসা শুরু করার আগে বাজার, পণ্য ও গ্রাহকের চাহিদা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আর্থিক শৃঙ্খলা, প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছ হিসাব ব্যবস্থাপনা এবং ব্যাংকের সঙ্গে সুসম্পর্ক দীর্ঘমেয়াদি সাফল্যের ভিত্তি তৈরি করে।

দেশ রূপান্তর : এমএসএমই দিবস ২০২৬ উপলক্ষে আপনার বার্তা কী?

মোহাম্মদ মামদুদুর রশীদ : দেশের সব ক্ষুদ্র, মাঝারি ও উদীয়মান উদ্যোক্তাকে শুভেচ্ছা। আপনারাই অর্থনীতির প্রাণশক্তি। উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার, সুশাসন ও আর্থিক শৃঙ্খলার মাধ্যমে ব্যবসাকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানাই। উদ্যোক্তাদের সাহস, পরিশ্রম ও সৃজনশীলতার মাধ্যমেই বাংলাদেশের এমএসএমই খাত আরও শক্তিশালী হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত