অর্থনীতির চালিকাশক্তি এসএমই, উদ্যোক্তাদের পাশে ইস্টার্ন ব্যাংক

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৪:২৩ এএম

বাংলাদেশের জিডিপিতে বর্তমানে এসএমই খাতের অবদান প্রায় ২৮ শতাংশ এবং শিল্প খাতের অধিকাংশ কর্মসংস্থান এ খাত থেকেই সৃষ্টি হচ্ছে বলে জানান ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশিদ।

দেশ রূপান্তরকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, কর্মসংস্থান, নারী উদ্যোক্তা সৃষ্টি, আঞ্চলিক শিল্পায়ন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে এসএমই খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় এ খাতের সম্ভাবনা এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি।

হাসান ও. রশিদ বলেন, ইস্টার্ন ব্যাংক দীর্ঘদিন ধরে ম্যানুফ্যাকচারিং, ট্রেড, সার্ভিস ও কৃষিভিত্তিক ব্যবসাসহ বিভিন্ন উপ-খাতে এসএমই অর্থায়ন করে আসছে। শুধু ঋণ বিতরণ নয়, উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরির দিকেও গুরুত্ব দিচ্ছে ব্যাংকটি।

জামানতবিহীন বা সীমিত জামানতের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকটি শুধু জামানতের ওপর নির্ভর না করে ব্যবসার নগদ প্রবাহ, লেনদেনের ইতিহাস ও উদ্যোক্তার সক্ষমতাকে গুরুত্ব দেয়। এ কারণে যোগ্য উদ্যোক্তাদের জন্য বর্তমানে দুই কোটি টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুবিধা রয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য ‘ইবিএল মুক্তি’ নামে বিশেষ ঋণপণ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় ৫০ লাখ টাকা পর্যন্ত মাত্র ৫ শতাংশ সুদে জামানতবিহীন ঋণ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি নারী উদ্যোক্তা এ সুবিধা পেয়েছেন।

তরুণ উদ্যোক্তাদের জন্যও বিশেষ গুরুত্ব দিচ্ছে ইস্টার্ন ব্যাংক। হাসান ও. রশিদ বলেন, স্টার্টআপ ও নতুন উদ্যোক্তাদের আকর্ষণীয় সুদে অর্থায়নের মাধ্যমে তাদের ব্যবসার প্রাথমিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করা হচ্ছে। ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতির নেতৃত্ব তরুণদের হাতেই থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

এসএমই ঋণের খেলাপি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক চাপ থাকলেও নিয়মিত তদারকি, গ্রাহকের সঙ্গে যোগাযোগ এবং সময়োপযোগী সহায়তার মাধ্যমে ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। ফলে ব্যাংকটির খেলাপি ঋণের হার সন্তোষজনক অবস্থায় রয়েছে।

গ্রামীণ উদ্যোক্তাদের অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকের উপশাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে কৃষিভিত্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে সেবা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও স্থানীয় কর্মসংস্থান শক্তিশালী হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নীতিগত সহায়তাকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, নারী উদ্যোক্তাদের পুনঃঅর্থায়ন সুবিধা, স্টার্টআপ সহায়তা এবং সিএমএসএমই খাতে বাধ্যতামূলক ঋণপ্রবাহ নিশ্চিত করার উদ্যোগ ব্যাংকগুলোকে আরও সক্রিয় করেছে। এছাড়া ঝুঁকিতে থাকা শিল্পকারখানা পুনরুজ্জীবনে পুনঃঅর্থায়ন স্কিমও কার্যকর ভূমিকা রাখছে।

নতুন উদ্যোক্তাদের উদ্দেশে হাসান ও. রশিদ বলেন, ব্যবসা শুরু করার আগে বাজার সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে, বাস্তবভিত্তিক পরিকল্পনা করতে হবে এবং আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেলে পরিচালনার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি হিসাব সংরক্ষণ ও আইনগত বাধ্যবাধকতা যথাযথভাবে পালন করলে দীর্ঘমেয়াদে ব্যবসা টেকসই হবে।

আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৬ উপলক্ষে তিনি দেশের সব উদ্যোক্তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি গ্রহণ এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে হবে। ইস্টার্ন ব্যাংক ভবিষ্যতেও উদ্যোক্তাদের উন্নয়নযাত্রার নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত