কুমিল্লায় খাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৩:৪২ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আবুল কালাম নামে এক পথচারী হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় এলাকার একটি কবরস্থানের পাশের রাস্তা দিয়ে হাঁটার সময় খালের পানিতে একটি লাশ ভাসতে দেখেন। পরে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নাঙ্গলকোট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় বাসিন্দা রুহুল আমীন ও জসিম উদ্দিন জানান, লাশটি বিবস্ত্র ও অর্ধগলিত অবস্থায় ছিল। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আশপাশের শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। তবে সম্প্রতি ওই এলাকায় কোনো ব্যক্তি নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া যায়নি। তাই মৃত ব্যক্তি স্থানীয় বাসিন্দা নন বলে ধারণা করা হচ্ছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। লাশটি বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত