তুরাগের ঘটনা ও ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর তদন্ত দাবি

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:৩৯ এএম

ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যুর এবং ঢাকার তুরাগ নদ থেকে তিন দিনে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। গতকাল এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বিবৃতিতে বলেন, উভয় ঘটনায় জনমনে নিরাপত্তা, আইনের শাসন এবং মানবাধিকার সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনাটি বিশেষভাবে উদ্বেগজনক। রাষ্ট্রের হেফাজতে থাকা কোনো ব্যক্তির জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনা স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসনের প্রশ্নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে একটি নিরপেক্ষ, স্বচ্ছ, কার্যকর ও বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালনা করা এবং দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

অন্যদিকে, ঢাকার তুরাগ নদ থেকে স্বল্প সময়ের ব্যবধানে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনাও উদ্বেগের বিষয়। এসব মৃত্যুর পেছনে অপরাধমূলক কর্মকা-, নিখোঁজ হওয়ার ঘটনা, পরিকল্পিত হত্যা অথবা অন্য কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জড়িত রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত উদঘাটন করতে হবে বলে বিবৃতিতে বলা হয়। পাশাপাশি নিহতদের পরিচয়, মৃত্যুর কারণ এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে যথাসময়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানায় এইচআরএসএস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত