ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন

আপডেট : ৩০ জুন ২০২৬, ১১:১৬ এএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৯ জুন) রাত ১১টার পরে সিরাজদিখান ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে খবর আসে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর মাওয়াগামী এভার গ্রিন পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লেগেছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাসের সব যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসটি ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে যাত্রাকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপের ফলে যাত্রীরা নিরাপদে উদ্ধার হন এবং একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ছাড়া এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত