রূপালী ব্যাংক কর্মচারী সংঘ (রেজি. নং-বি-১০৪৯) সংগঠনের বিরুদ্ধে কথিত অপপ্রচার, বিভ্রান্তি সৃষ্টি ও সাংগঠনিক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ তুলে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। একই সঙ্গে সংগঠনের সকল সদস্যকে গুজব ও উসকানিতে বিভ্রান্ত না হয়ে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
মঙ্গলবার (৩০ জুন) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. নুরুল হক সরদার (নিরু) ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রচলিত শ্রম আইন অনুযায়ী ১৯৬৫ সালের ১১ জানুয়ারি প্রতিষ্ঠিত ও নিবন্ধিত রূপালী ব্যাংক কর্মচারী সংঘ দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস কর্তৃক অনুমোদিত গঠনতন্ত্র এবং প্রযোজ্য শ্রম আইন অনুসরণ করে সদস্যদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সুনামের সঙ্গে কাজ করে আসছে।
সংগঠনের দাবি, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সংগঠনের সুনাম ক্ষুণ্ন করা, সদস্যদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং সাংগঠনিক কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। সংগঠনের বিরুদ্ধে পরিচালিত যেকোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কোনো ব্যক্তি যদি সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকেন বা এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করার প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধেও রাজনৈতিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে সংগঠনের সকল সদস্যকে গুজব, অপপ্রচার কিংবা উসকানিতে বিভ্রান্ত না হয়ে সংগঠনের সিদ্ধান্ত ও গঠনতন্ত্রের প্রতি আস্থা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি সংগঠনবিরোধী কোনো অপতৎপরতা চোখে পড়লে দ্রুত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অবহিত করার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও স্বার্থ রক্ষায় প্রত্যেক সদস্যকে দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে রূপালী ব্যাংক কর্মচারী সংঘ।