গেন্ডারিয়ায় অটোরিকশার সংঘর্ষে চালকের মর্মান্তিক মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০২৬, ১২:১০ পিএম

রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্ডিঘর এলাকায় অটোরিকশার সংঘর্ষে গোলাম মোস্তফা (৫২) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বাসা থেকে বের হয়েছিলেন। গেন্ডারিয়ার ঘুন্ডিঘর এলাকায় পৌঁছালে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গোলাম মোস্তফার বাড়ি মুন্সিগঞ্জের টংগিবাড়ী থানার হাসাইল গ্রামে। তিনি সপরিবারে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট গেন্ডারিয়া থানাকে অবহিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত