ট্রাফিক পুলিশের সাথে অসদাচরণের অভিযোগে একজন আটক

আপডেট : ২৯ জুন ২০২৬, ১০:৪১ পিএম
রাজধানীর রামপুরা এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের সাথে অসদাচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ডিএমপির রামপুরা ট্রাফিক জোন।
 
সোমবার রাতে ডিএমপির ভারপ্রাপ্ত মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে রামপুরা থানাধীন বনশ্রী বি-ব্লকের আবেশ হোটেলের সামনে দায়িত্ব পালন করছিলেন রামপুরা ট্রাফিক জোনের সার্জেন্ট মোজাম্মেল হক। এ সময় তিনি সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা ঢাকা মেট্রো-ন-২১-৮৬৭১ নম্বরের একটি পিকআপের বিরুদ্ধে ভিডিও মামলা প্রদানের লক্ষ্যে ভিডিও ধারণ করেন।
 
এ সময় পিকআপটির চালক কর্তব্যরত সার্জেন্টের পথরোধ করে তার ভিডিও ধারণ করেন। সার্জেন্ট ঘটনাস্থল ত্যাগ করার সময় ওই ব্যক্তি বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন, যা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করে। পরবর্তীতে সে তার পরিচালিত ‘রোড স্কোপ ঢাকা’ নামের ফেসবুক পেজে ঘটনাটি নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য সম্বলিত একটি ভিডিও প্রকাশ করে। ঘটনার পরপরই  ট্রাফিক-মতিঝিল বিভাগের সদস্যরা অভিযান পরিচালনা করে ওইদিনই রামপুরা থানাধীন আবুল হোটেল রোড ক্রসিং এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
 
আটক ব্যক্তিকে রামপুরা থানার মাধ্যমে বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
 
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত