সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০১:৪৪ এএম

সৌদি আরবে কর্মরত যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র নিয়ে সমস্যা রয়েছে, তাদের সেই অবস্থা সংশোধনের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। ফলে হাজারো প্রবাসী কর্মী তাদের ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়ন করার জন্য আরও দীর্ঘ সময় পাচ্ছেন। বুধবার রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নিয়োগকর্তার গাফিলতি, প্রশাসনিক জটিলতা কিংবা দালালচক্রের প্রতারণার কারণে বহু বাংলাদেশি প্রবাসী দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্রের সংকটে রয়েছেন।

অনেকেই কফিল না পেয়ে কাজ হারিয়েছেন, আবার কেউ কেউ মানবেতর জীবনযাপন করছেন। এমনকি খোলা আকাশের নিচে কিংবা মসজিদ চত্বরে রাত কাটানোর ঘটনাও ঘটছে।
 
এদিকে, যারা বৈধভাবে দেশে ফিরতে চান, তাদের প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ দূতাবাস। জানানো হয়েছে, সময়সীমার মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। 
 
দূতাবাস জানায়, শ্রম আইন মেনে চলার সংস্কৃতি জোরদার, নিয়োগকর্তা ও কর্মীর পারস্পরিক চুক্তিভিত্তিক অধিকার নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
প্রবাসীদের আশা, সময়সীমা বাড়ানোর এ সিদ্ধান্তে অনেকেই আবার বৈধতার আওতায় ফিরে আসতে পারবেন। এতে কর্মসংস্থানে স্থিতিশীলতা বাড়বে, কমবে গ্রেপ্তার ও আইনি জটিলতার ঝুঁকি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত