ভোঁতা অস্ত্র ব্যবহার করে জামায়াতকে ঘায়েল করা যাবে না : সেলিম উদ্দিন

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৫:১৮ এএম

যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজ দলের কৃতকর্মের জন্য অন্তত কয়েকবার ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির এবং ডিএনসিসির মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ভোঁতা অস্ত্র ব্যবহার করে জামায়াতকে ঘায়েল করা যাবে না। গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চে আয়োজিত চার দিনব্যাপী মাদকবিরোধী ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মহানগর উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে ও মহানগর যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম প্রমুখ।

সরকারকে উদ্দেশ করে সেলিম উদ্দিন বলেন, পলাতক শেখ হাসিনার সহযোগীদের কথায় চললে পরিণতি ভালো হবে না। হাসিনার পথে গেলে তার পরিণতিও ভালো হবে না। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি পুরনো রাজনীতিকে বিদায় দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে এগিয়ে যেতে চান। যেটা জামায়াত সংসদেও প্রশংসা করেছেন। তিনি বলেন, দেশের অসাধু রাজনীতিকরা মাদকমুক্ত সমাজ চান না। কারণ মাদকমুক্ত হলে তারা কর্মী খুঁজে পাবেন না। উত্তরার পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মদের বার বন্ধ করতে হবে। তাহলেই উত্তরা নিরাপদ ও মাদকমুক্ত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত