ভাগ্নের কারাদন্ডের রায় শুনে মামার মৃত্যু      

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৫:১৯ এএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মিঠুন নামে একজনের পাঁচ বছরের কারাদন্ডের রায় শুনে তার মামা আইয়ুবের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম ৯ জনকে পাঁচ বছরের কারাদ-সহ প্রত্যেকের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সাজা  দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকা মিঠুনের মামা আইয়ুব অসুস্থ হয়ে পড়েন। পরে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালের চিকিৎসক এসএম রাশেদুল হাসান বলেন, আমাদের এখানে (হাসপাতালে) আসার আগেই তিনি মারা গেছেন। ধারণা করছি, কার্ডিয়াক অ্যারেস্টে তিনি মারা গেছেন।

সাজাপ্রাপ্ত অপর আট আসামিরা হলেন মো. মুরাদ, ছাবির, মো. রাজা, মো. মাসুম হোসেন, মো. বিল্লাল, রাজা, মো. ওয়াহিদুল সনু ও মো. জুম্মন মিয়া। অন্য সব আসামি জামিনে গিয়ে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ২৬ মে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে মাদক ক্রয়-বিক্রি হচ্ছে এমন সংবাদে অভিযান চালায় র‌্যাব-২। এ সময় এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ ৯ জনকে হাতেনাতে আটক করা হয়। ঘটনার দিন পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানা পুলিশের উপপরিদর্শক সাজেদুল হক। ২০১৯ সালের ২৭ মে অভিযোগ গঠন করে আদালত। বিচার চলাকালে চারজনের সাক্ষ্যগ্রহণ করে আদালত এ দ- দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত