ভোলার মনপুরার মেঘনা নদীতে ধরা পড়েছে বড় আকারের একটি ‘রাজা ইলিশ’। প্রায় আড়াই কেজি ওজনের ইলিশটি স্থানীয় মাছের আড়তে নিলামে ৯ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। আড়তদারের আশা, ঢাকার পাইকারি বাজারে মাছটি আরও বেশি দামে বিক্রি হবে। গত সোমবার সন্ধ্যায় মনপুরা উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে অনুষ্ঠিত নিলামে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশটি সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নেন স্থানীয় আড়তদার মমিন তালুকদার।
মৎস্য আড়ত সূত্রে জানা যায়, বিকেলে বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকার জেলে ইসমাইল মাঝি ও তার সহযোগীরা রামনেওয়াজসংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জালে বড় আকারের এই ইলিশটি পান। অন্য ইলিশের সঙ্গে ধরা পড়া মাছটির বিশাল আকৃতির কারণে স্থানীয় জেলেরা একে ‘রাজা ইলিশ’ বলে আখ্যায়িত করেন।
রামনেওয়াজ মৎস্যঘাটের ব্যবসায়ী মো. নাহিদ জানান, একাধিক মাছ ব্যবসায়ীর উপস্থিতিতে ইলিশটি উন্মুক্ত নিলামে তোলা হয়। দর হাঁকাহাঁকির একপর্যায়ে সর্বোচ্চ ৯ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন আড়তদার মমিন তালুকদার।
ক্রেতা মমিন তালুকদার বলেন, বড় আকারের ইলিশের চাহিদা ঢাকাসহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে অনেক বেশি। তাই মাছটি গতকাল মঙ্গলবার ঢাকার যাত্রাবাড়ী মাছের আড়তে পাঠানো হয়। সেখানে এটি ১২ হাজার টাকায় বিক্রি হতে পারে বলে তিনি আশা করছেন।