হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচার শুরুর আদেশ

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৫:২৪ এএম

গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করে। এর মাধ্যমে এ মামলার বিচার শুরু হচ্ছে। এ মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। গতকাল অভিযোগ গঠনের সময় আসামি ফজলে করিম চৌধুরীকে স্ট্রেচারে করে ট্রাইব্যুনালে আনা হয়। এ মামলায় হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ ১৭ জন পলাতক রয়েছেন। গত সোমবার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি শেষ করে আসামিপক্ষ। এর আগে গত ২২ জুন মামলার অভিযোগ গঠনের আরজি জানিয়ে শুনানি করে প্রসিকিউশন। গত ৭ এপ্রিল ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত