'মেসি আরও গোল করুক, আমার চাই বিশ্বকাপ', এমবাপ্পে

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৮:১৫ এএম

বিশ্বকাপে লিওনেল মেসির গোল রেকর্ড ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়েও নিজের লক্ষ্য নিয়ে বিন্দুমাত্র বিচ্যুত নন কিলিয়ান এমবাপ্পে। ব্যক্তিগত রেকর্ড বা গোল্ডেন বুটের চেয়ে আগামী ১৯ জুলাই নিউ ইয়র্কের ফাইনালে ট্রফি উঁচিয়ে ধরাই তাঁর একমাত্র ধ্যানজ্ঞান। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করার পর ফরাসি অধিনায়ক স্পষ্ট জানিয়েছেন, মেসির ব্যক্তিগত রেকর্ড নিয়ে তিনি ভাবছেন না, তাঁর মূল মনোযোগ শুধু ট্রফিতে।

নিউ ইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ৩২-এর লড়াইয়ে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান রানার্সআপ ফ্রান্স। দলের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই জোড়া গোলের সুবাদে চলতি বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬টি যার মাধ্যমে তিনি গোল্ডেন বুটের দৌড়ে লিয়োনেল মেসির সাথে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। একই সাথে বিশ্বমঞ্চে নিজের ১৮তম ম্যাচে ১৮তম গোল করে মেসির সর্বকালের বিশ্বকাপ রেকর্ডের (১৯ গোল) একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ২৭ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে  মেসির রেকর্ড ভাঙার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি আগেও বলেছি, আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব দূর যাওয়া—১৯ জুলাইয়ের ফাইনালে খেলা এবং ট্রফি নিয়ে এখানে ফিরে আসা। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোচ্ছি। অবশ্যই আপনি যত বেশি গোল করবেন, তালিকায় তত ওপরে উঠবেন। এটা নতুন কিছু নয়।"

মেসির প্রতি সম্মান জানিয়ে এমবাপ্পে আরও যোগ করেন, "আমি নিশ্চিত যে লিও (মেসি) এই টুর্নামেন্টে আরও গোল করতে যাচ্ছে। তাই আমি ব্যক্তিগত এসব সংখ্যা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছি না। আমার পুরো মনোযোগ পরবর্তী প্রতিপক্ষ এবং আমাদের মূল লক্ষ্য অর্থাৎ ফাইনালের দিকে।"

আগামী শনিবার (৪ জুলাই) ফিলাডেলফিয়ায় শেষ ১৬-এর ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে দিদিয়ে দেশমের ফ্রান্স। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে আল্ট্রা-ডিফেন্সিভ ফুটবল খেলে টাইব্রেকারে বিদায় করা প্যারাগুয়েকে মোটেও হালকাভাবে নিচ্ছে না 'লে ব্লুজ'রা। এমবাপ্পে সতীর্থদের সতর্ক করে বলেন, "প্যারাগুয়ে ম্যাচের আগে আমাদের কিছু জায়গায় আরও উন্নতি করতে হবে। তবে আমাদের গোল করার যে সহজাত ক্ষমতা রয়েছে, তা আমাদের সবসময় ম্যাচে এগিয়ে রাখবে।"

অন্যদিকে, আর্জেন্টিনার মহাতারকা লিয়োনেল মেসি আগামী শুক্রবার শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবেন, যেখানে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে তাঁর সামনে। এমবাপ্পে বনাম মেসির এই দূরপাল্লার দ্বৈরথ ২০২৬ বিশ্বকাপকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত