হরমুজ প্রণালিতে অন্য কারো হস্তক্ষেপ মানবে না ইরান

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৮:২৫ এএম

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক রুট হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে অবস্থান পরিষ্কার করেছে ইরান। দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই জলপথকে মাইনমুক্ত করতে বা এর নিরাপত্তা নিশ্চিত করতে বাইরের কোনো দেশের হস্তক্ষেপের প্রয়োজন নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ সম্মেলনে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

বাঘাই বলেন, নিজেদের জলসীমা ও কৌশলগত করিডোর নিরাপদ রাখার বিষয়ে ইরান সম্পূর্ণ সচেতন এবং এই দায়িত্ব পালনে দেশটির পর্যাপ্ত সামরিক ও কারিগরি সক্ষমতা রয়েছে। বাইরের কোনো শক্তির অযাচিত হস্তক্ষেপ বরং এই অঞ্চলের পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলে তিনি সতর্ক করেন। তাই অঞ্চলটির নিরাপত্তায় তেহরান নিজস্ব সক্ষমতার ওপরই পূর্ণ আস্থা রাখছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের প্রসঙ্গ টেনে বাঘাই জানান, বাণিজ্যিক জাহাজগুলোর অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে তেহরান কাজ শুরু করেছে। এই প্রক্রিয়ার আওতায় উপসাগরীয় অঞ্চল থেকে ওমান সাগর পর্যন্ত জলপথে বাণিজ্যিক জাহাজগুলোকে ৬০ দিনের জন্য বিনা মূল্যে নিরাপত্তা সুবিধা প্রদান করা হবে। কারিগরি ও সামরিক বাধা দূর করে আগামী ৩০ দিনের মধ্যে এই কার্যক্রম পূর্ণাঙ্গভাবে কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ হরমুজ প্রণালীকে মাইনমুক্ত করার ঘোষণা দেওয়ার প্রেক্ষিতে ইরান এই কঠোর বার্তা দিল। মাখোঁ দাবি করেছিলেন, ওমানের সহায়তায় ফ্রান্স এই গুরুত্বপূর্ণ জলপথে নির্বিঘ্নে জাহাজ চলাচলের ব্যবস্থা করবে। তবে ইরান এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, উপকূলীয় দেশ হিসেবে এই অঞ্চলের দায়ভার তাদের ওপরই বর্তায় এবং ইসলামাবাদ স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কেবল ইরানের সমন্বয়েই এসব কার্যক্রম পরিচালিত হওয়া উচিত।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রে থাকা হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, দুই দেশের মধ্যে কোনো সামরিক যোগাযোগ নয় বরং রাজনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে এই সমুদ্রপথ সচল রাখার প্রক্রিয়া চলমান রয়েছে। ইরান এখন নিজেদের শক্তিতেই এই পথকে মাইনমুক্ত ও নিরাপদ করার কাজে প্রতিশ্রুতিবদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত