সখীপুরে নিখোঁজের একদিন পর নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০১:১৯ পিএম

টাঙ্গাইল জেলার সখীপুরে নিখোঁজ হওয়ার একদিন পর ইসরাত জাহান পারভীন (৪৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) সকাল ৮টা ১৫ মিনিটে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তার স্বামীর বাড়ির পাশের একটি নালার ডোবায় স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ইসরাত জাহান পারভীনের স্বামী মৃত হুমায়ুন খান। তারা সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, গত ২৯ জুন রাতে ছেলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার পর থেকেই ইসরাত জাহান পারভীন নিখোঁজ ছিলেন। পরদিন সকালে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি আত্মীয়-স্বজনকে জানানো হলে তারা বাড়িতে এসে দেখেন, মূল ফটক খোলা এবং ঘরের ভেতরের বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।

সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন সকালে বাড়ির পাশের নালার ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত