নরসিংদীর মাধবদীতে ২২ বছরের এক বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আওলাদ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে শেখেরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৯ জুন দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেপ্তার আওলাদ হোসেন (২৬) বরদেরকান্দি গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২৯ জুন দুপুরে অভিযুক্ত আওলাদ হোসেন এক বাক প্রতিবন্ধী তরুণীকে ফুসলিয়ে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে প্রতিবন্ধী তরুণী পুরো ঘটনাটি তার মাকে জানালে পরদিন মঙ্গলবার (৩০ জুন) ঘটনাটি জানাজানি হয়। ওই দিন রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মাধবদী থানায় আওলাদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ (জিডি) করে। বুধবার নির্যাতনের শিকার তরুণীকে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পূন্ন করা হয়। এবিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ, ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরে দুপুরে শেখেরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।