ময়মনসিংহ নগরীতে টিউমার সংরক্ষণের জন্য কৌটা (বয়াম) কিনতে গিয়ে ফার্মেসির কর্মচারীদের হামলায় মাসুম বিল্লাহ নামে এক পুলিশ সদস্য ও তার ভগ্নিপতি আকরাম হোসেন আহত হয়েছেন। হামলার সময় পুলিশ সদস্যকে কেঁচি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) রাত ৯টার দিকে নগরীর চরপাড়া এলাকার সাবেক জনতা ব্যাংকের পেছনের গলিতে অবস্থিত 'ভাই ভাই সার্জিক্যাল অ্যান্ড মেডিসিন কর্নার' নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত মাসুম বিল্লাহ ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে মাসুম বিল্লাহর মামার টিউমারের অস্ত্রোপচার হয়। অপারেশনে অপসারিত টিউমার সংরক্ষণের জন্য একটি কৌটা কিনতে তিনি ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে ওই দোকানে যান। দোকান থেকে একটি কৌটা দেখানো হলে সেটি তার পছন্দ না হওয়ায় ফেরত দিতে চান। এ নিয়ে দোকানির সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
একপর্যায়ে দোকানের লোকজন মাসুম বিল্লাহর ওপর হামলা চালিয়ে কেঁচি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে অভিযোগ রয়েছে। নিজেকে রক্ষা করতে তিনি দৌড়ে সরে গেলে তার সঙ্গে থাকা ভগ্নিপতি আকরাম হোসেনকে মারধর করা হয়।
পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. জবায়দুল হক জানান, পুলিশ সদস্য মাসুম বিল্লাহর শরীরের বিভিন্ন স্থানে কেঁচির আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে ঘাড়ে গভীর ক্ষত হওয়ায় রাত ১১টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে আবার ৬ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ঢাবির নারী শিক্ষার্থীদের সুখবর দিলেন ডাকসু ভিপি