হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ১০ জনের কারাদণ্ড

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৭:২১ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ জনকে আটক করে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডাদেশ প্রদান করা হয়। বিকেলে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ২০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক সেবন ও বিক্রির সময় ১০ জনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে থানা পুলিশের সদস্যরাও অংশ নেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- শেরপুর জেলার ডোবারচর গ্রামের নাজিমউদ্দীনের ছেলে সামিদুল ইসলাম (৩০), ফুলবাড়িয়া এলাকার হোসেন আলীর ছেলে আলামিন (৩০), হালুয়াঘাট পৌরসভার উত্তর খয়রাকুড়ি এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৩৬), আকনপাড়া এলাকার মৃত আব্দুল হাসিম খানের ছেলে লিটন মিয়া (৪৪), নেত্রকোণা জেলার মুক্তারপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে আলামিন মিয়া (৪২), সদর ইউনিয়নের শাপলা বাজার এলাকার মৃত আবুল কাসেমের ছেলে শাহ আলম (২৮), উত্তর আকনপাড়া গ্রামের মুনসুর আলীর ছেলে মারুফ (২৬), মধ্য আকনপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে তিতাস (২৭), ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩৫) এবং দক্ষিণ মনিকুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুরুজ মিয়া (৩২)।

পুলিশ জানায়, সাজাপ্রাপ্তদের মধ্যে হালুয়াঘাট ছাড়াও বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, উপজেলায় মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

উল্লেখ্য, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত সোমবার ১১ জন, মঙ্গলবার ৪ জন এবং বুধবার ৭ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত