নদীর পাড়ের ঝোপ থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজার পাশে কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত ব্রিজ সংলগ্ন ঝোপের ভেতর থেকে ২৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকালে স্থানীয়রা নিহত ওই অজ্ঞাত যুবকের মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

স্থানীয়রা বাসিন্দারা জানায়, নিহত অজ্ঞাত যুবককে কিছুদিন ধরে উচাখিলা বাজার ও আশেপাশের এলাকায় ঘুরতে দেখেন তারা। কখনো নদী থেকে মাছ ধরতে এবং কখনো নদীর পাড় থেকে শাক তুলে বাজারে বিক্রি উদ্দেশ্যে নিয়ে যেতেও দেখেছে। মানসিক ভারসাম্যহীন ভেবে এলাকার মানুষ তার সাথে রসিকতা করত।
 
স্থানীয়রা আরও জানায়, যুবকের মরদেহে কোপের চিহ্ন দেখা গেছে। তাদের প্রশ্ন- যদি ওই যুবক মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে তাহলে কে বা কারা তাকে মারল? তদন্ত করে যেন দোষীদের আইনের আওতায় আনা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে যুবকের মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন এবং ঘাড়ে ৬ ইঞ্চি গভীর কোপের দাগ পাওয়া গেছে। কিন্তু যুবকের পরিচয় এখনো মেলেনি। তবে পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত