পিরোজপুরে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৯:৪০ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় অজ্ঞাতপরিচয়ের এক নারীর (৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজার সংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দধিভাঙ্গা বাজারসংলগ্ন খালের স্লুইজ গেটে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে মরদেহ উদ্ধার করে। তবে ঘটনাস্থলে উপস্থিত কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, মরদেহ উদ্ধারের সময় ওই নারীর কোমরে একটি ব্যাগ বাঁধা ছিল। ব্যাগটি তল্লাশি করে কিছু নগদ টাকা, চকলেট, আচার, বিস্কুট, বাদাম এবং বিভিন্ন ধরনের ওষুধের প্যাকেট পাওয়া যায়। উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী ভিক্ষুক অথবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত ও পরিচয় শনাক্তের অপেক্ষা করতে হবে।

মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে দেখে মরদেহটিকে দেখে ভিক্ষুক মনে হয়েছে। তার কাছে কিছু খুচরা টাকা পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের পরে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত