শ্রীমঙ্গলে তুলাবাহী ট্রাকে অগ্নিকাণ্ড

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১০:২১ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারে একটি তুলাবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়,সকালে বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা তুলাবাহী ট্রাকটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ট্রাকে থাকা তুলার একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং একই সঙ্গে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকে থাকা তুলার কিছু অংশ পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার সুলাইমান আকঞ্জী বলেন, শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আমাদের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িতে কয়েক লক্ষ টাকার মালামাল থাকলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ক্ষয়ক্ষতি হয় নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত