বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই মাল জব্দ

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি ফুচকা ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে সরাইল ব্যাটালিয়ন (বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ২৫ ব্যাটালিয়ন (বিজিবি)-এর একটি বিশেষ টহল দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। 

সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে বস্তার ভেতরে কাটা কাগজ দিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৮৪০ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। 

বিজিবি জানায়, চোরাচালানিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফুচকাবাহী কাভার্ড ভ্যানসহ পুরো চালানটি জব্দ করা হয়। জব্দকৃত ফুচকা ও কাভার্ড ভ্যানের মোট সিজার মূল্য ৫৯ লাখ ২০ হাজার টাকা।

জব্দ করা চোরাচালানি মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের চোরাচালানি মালামাল যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত