ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্রাক বোঝাই অবৈধ সারসহ একটি ট্রাক আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এ সময় ট্রাক থেকে ২৪ টন সার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এলাকাটি সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। ট্রাকে থাকা সারের কাগজপত্র যাচাই করে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। বিজিবির ধারণা, সারগুলো অবৈধভাবে মজুত করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
অভিযানে ট্রাক থেকে ৯ হাজার ৫০০ কেজি টিএসপি সার এবং ১৪ হাজার ৫০০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ২৪ টন সার এবং একটি ট্রাক আটক করা হয়েছে।
আটক সার ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ৫৫ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঠাকুরগাঁওয়ে ৩০০ বস্তা সারসহ ট্রাক আটক