খুলনার রূপসা উপজেলায় ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাসান (৬৫) ওরফে বিহারী হাসান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হাসান রূপসার জাবুসা গ্রামের সিরমান শেখের ছেলে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। হামলার পর রাত সোয়া ১টার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এই সপ্তাহে বিহারি হাসানের বাড়িতে ভ্যানে করে কয়েকজন অতিথি বেড়াতে আসে। ভ্যানচালকসহ মেহমানরা বাড়ির ভেতর থাকার কিছুক্ষণ পর ওই ভ্যানটি চুরি হয়ে যায়। এই চুরির ঘটনায় হাসান একই এলাকার রাশেদ শেখকে সন্দেহ করে এবং ভ্যানটি নিছে কিনা জিজ্ঞাসা করে।
এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাশেদসহ ৪/৫ জন ধারালো অস্ত্র নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় গ্রামের চার রাস্তার মোড়ে হাসানকে একা পেয়ে তার উপর আতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরনের জন্য পরামর্শ দেয়, কিন্ত ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এছাড়া মামলা দায়েরের জন্য হাসানের ভাই হোসেনকে থানায় আসতে বলা হয়েছে। মামলার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।