নড়াইলে ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম

নড়াইল সদর উপজেলায় ফুটবল খেলা নিয়ে বিরোধে মোস্তফা কাজী (৭৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুলাই) বিকেলে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ-পলাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কাজীর বাড়ি ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে।

নিহতের স্বজন, পুলিশ ও এলাকাবাসীসুত্রে জানা গেছে,  চারদিন আগে গত ২৯ জুন বিকালে ভদ্রবিলা প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র ভদ্রবিলা ও পলাইডাঙ্গা গ্রামের তরুণদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একই ঘটনায় বৃহ্পতিবার (২ জুলাই) আবারও স্থানীয় ভদ্রবিলা বাজারে বিরোধের সৃষ্টি হয়। এসময় মোস্তফা কাজী, মুনসুল আলী খানসহ কয়েকজন বিরোধ থামিয়ে দেন। এতে ভদ্রবিলা গ্রামের কিছু তরুন মোস্তফা কাজীর ওপর মনোক্ষুন্ন হন। বিষয়টি মিমাংসার জন্য শুক্রবার (৩ জুলাই) বিকেলে ভদ্রবিলা বাজারে পলাইডাঙ্গা ও ভদ্রবিলা গ্রামবাসীকে নিয়ে মিমাংসার সিদ্ধান্ত হয়।

নিহতের পুত্রবধু কাকলী খানম জানান, তার শ্বশুর বাড়ি থেকে শালিস-মিমাংসার জন্য ভদ্রবিলা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে মহারাগ এলাকায় রাস্তার পাশে কলাগাছের ঝোপের মধ্যে ওতপেতে থাকা ভদ্রবিলা গ্রামের কিছু সন্ত্রাসী তার শ্বশুর মোস্তফা কাজীকে পায়ে ও মাথায় কুপিয়ে এবং হাতুড়িপেটা করে হত্যা করে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ বিচার দাবি করেন পুত্রবধূ কাকলীসহ পরিবারের সদস্যরা। 

নিহতের স্বজন মনুসুর আলী বলেন, আমরা দুজন যুবকদের বিরোধ থামিয়ে দেই। যার কারনে তারা মারামারি করতে পারেনি। এতে হয়তো ভদ্রবিলা গ্রামের যুবকরা মোস্তফা কাজীর ওপর ক্ষিপ্ত হতে পারে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। দোষীদের বিচার দাবি করছি।

নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার বলেন, হাসপাতালে আনার আগেই মোস্তফা কাজী নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরে কোপসহ আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

এদিকে মোস্তফা হত্যাকান্ডের পর ভদ্রবিলা গ্রামের মানুষ আতঙ্কে বাড়ি থেকে গরু, ছাগলসহ মুল্যবান জিনিসপত্র অন্যত্র সরানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত