রোনালদোর নতুন গুরু পোস্তেকোগলু

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম

ইউরোপের পাট চুকিয়ে এবার মধ্যপ্রাচ্যের ফুটবলে পা রাখলেন অ্যাঞ্জ পোস্তেকোগলু। অস্ট্রেলিয়ার সাবেক এই সফল কোচকে দুই বছরের চুক্তিতে নিজেদের নতুন ম্যানেজার হিসেবে ঘোষণা করেছে সৌদি প্রো লিগের অন্যতম পরাশক্তি আল-নাসর। অর্থাৎ, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং সাদিও মানের মতো বিশ্বসেরা তারকাদের ডাগআউট থেকে এখন দিকনির্দেশনা দেবেন ৬০ বছর বয়সী এই অজি মাস্টারমাইন্ড। 

ক্লাবের সাবেক কোচ জর্জ জেসুসের স্থলাভিষিক্ত হলেন তিনি। আল-নাসরে যোগ দিয়েই নিজের চেনা আত্মবিশ্বাসী রূপে ধরা দিয়েছেন পোস্তেকোগলু। ক্লাবের পক্ষ থেকে তাঁর একটি উদ্ধৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি বলেন, “আমার আগের সব ক্লাবের গল্পটাই একই বৃত্তে শেষ হয়েছে—তা হলো আমি এবং একটি ট্রফি।” 

টটেনহ্যাম হটস্পারের দীর্ঘ ১৭ বছরের ট্রফি খরা ঘুচিয়ে উয়েফা ইউরোপা লিগ জেতানো এই কোচের সাম্প্রতিক সময়টা অবশ্য খুব একটা ভালো যায়নি। স্পার্সদের দায়িত্ব ছাড়ার পর প্রিমিয়ার লিগের দল নটিংহ্যাম ফরেস্টে যোগ দিলেও মাত্র ৩৯ দিনের মাথায় বরখাস্ত হন তিনি। তবে সেই ব্যর্থতা ভুলে পোস্তেকোগলু এখন সম্পূর্ণ নতুন এক অধ্যায়ের অপেক্ষায়, যেখানে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ থাকা পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে সামলানোর গুরুদায়িত্ব থাকবে তার কাঁধে।

এদিকে মোটা অঙ্কের পারিশ্রমিকে এশীয় ফুটবলে ঝড় তোলা আল-নাসরও বড় কোনো শিরোপার খোঁজে মরিয়া। অজি কোচের হাই-প্রেসিং এবং আক্রমণাত্মক খেলার ধরণকে কাজে লাগিয়ে লিগ ও মহাদেশীয় শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করাই এখন ক্লাব কর্তৃপক্ষের মূল লক্ষ্য। ব্রিসবেন, সেল্টিক ও লন্ডন ঘুরে রিয়াদের এই নতুন মিশন পোস্তেকোগলুর ক্যাবিনেটে আরও একটি ট্রফি এনে দিতে পারে কি না, এবং রোনালদো-মানের মতো মহাতারকাদের সাথে তার রসায়ন কেমন জমে, সেটাই এখন দেখার বিষয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত