সাজেক ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা, পর্যটকদের ফিরতে নির্দেশ

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল ২২ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে হবে।

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পিএম
অনিবার্য কারণবশত আবারও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৪টার মধ্যে পর্যটনকেন্দ্র ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 
 
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ২১ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।
এতে আরও বলা হয়, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল ২২ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে হবে।
 
এদিকে, তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।
 
উল্লেখ্য, গত ১১ অক্টোবর অনিবার্য কারণ দেখিয়ে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল রাঙ্গামাটি জেলা প্রশাসন। ওই নির্দেশনায় পর্যটকদের ১৩ অক্টোবর বিকাল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করার কথা বলা হয়েছিল। পরে দুর্গাপূজা উপলক্ষে পর্যটকদের ভ্রমণের সুযোগ দিতে ১৫ অক্টোবর নতুন বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। ওই সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়।
 
কিন্তু পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই সাজেক পর্যটনকেন্দ্র আবারও বন্ধ ঘোষণা করা হলো।
সর্বশেষ সর্বাধিক পঠিত