জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৬ জুলাই থেকে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ পালন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার’ দাবিতে শনিবার (৪ জুলাই) বিকালে প্রথমে ৬৪ জেলায় এই কর্মসূচি পালনের কথা জানান দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তবে এক ঘণ্টা পর সংশোধিত তালিকায় জানানো হয়, গোপালগঞ্জ বাদ দিয়ে আপাতত ৬৩ জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।
হঠাৎ গোপালগঞ্জকে কর্মসূচির বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে গত বছর ওই জেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য দেখা যাচ্ছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, এটি বাংলাদেশের বাইরের কোনও জেলা নয়। তাই গোপালগঞ্জ নিয়েও অবশ্যই আমাদের দলীয় এজেন্ডা রয়েছে। তবে আমরা এ মুহূর্তে শুধু যেখানে আমাদের স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা রয়েছে, সেসব জেলা ও উপজেলাতেই যাবো। সেখানে আমাদের প্রার্থী ঘোষণা করা হবে।
তিনি জানান, গোপালগঞ্জ জেলাসহ কয়েকটি উপজেলায় আগামী সেপ্টেম্বরে দ্বিতীয় দফায় পদযাত্রা করার পরিকল্পনা রয়েছে।
গত বছর প্রথম বর্ষপূর্তিতে গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সে কারণেই এবারের তালিকা থেকে গোপালগঞ্জ বাদ দেওয়া হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তুষার বলেন, আসলে বিষয়টি নিয়ে নতুন করে সিনক্রিয়েট হোক, তা আমরা চাই না। যেহেতু একবার সমস্যা হয়েছে, তাই এবার আমরা সতর্কভাবে পা ফেলতে চাই। একটি জেলাকে কেন্দ্র করে যেন এক মাসের কর্মসূচিতে কোনও নেতিবাচক প্রভাব না পড়ে। তবে আমাদের দ্বিতীয় ধাপের পদযাত্রায় নিশ্চয়ই গোপালগঞ্জও বিবেচনায় থাকবে।