মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড় আনুলিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জ্যোতি আক্তার (১৯) নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক এইচএসসি পরীক্ষার্থী।
শনিবার (৪ জুলাই) বিকেলে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। জ্যোতি আক্তার বড় আনুলিয়া গ্রামের জুলহাস শেখের মেয়ে এবং উত্তর কাশাদহ গ্রামের রাকিব হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবার বাড়ির চৌচালা টিনের ঘরের দক্ষিণ পাশের আড়ার সঙ্গে নিজের পরনের ওড়না পেঁচিয়ে তিনি ঝুলে পড়েন। বিকেল সোয়া ৫টার দিকে তার দাদি পান খেতে ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে ওড়না কেটে দ্রুত শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জ্যোতি আক্তার শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। প্রায় ১৪ মাস আগে রাকিব হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার স্বামী চট্টগ্রাম সেনানিবাসে বাবুর্চি হিসেবে কর্মরত।
শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মো. মিনহাজ উদ্দিন রাতে ঘটনাটি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে শিবালয় থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।