কুমিল্লার বরুড়া উপজেলায় খালের পাশে পড়ে থাকা একটি বস্তাকে কেন্দ্র করে এলাকায় লাশ উদ্ধারের গুজব ছড়িয়ে পড়ে। গত রবিবার সকাল ১০টার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের হেরপেটি গ্রামের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া এই খবরে স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি হয়। তবে পুলিশ বস্তাটি খোলার পর জানা যায়, ভেতরে মানুষের মরদেহ নয়, বরং একটি মৃত কুকুর ছিল।
বস্তাটি দেখে স্থানীয়দের মনে সন্দেহের দানা বাঁধে। কিছুক্ষণের মধ্যেই এলাকায় ‘বস্তাবন্দি লাশ’ পাওয়া গেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। গ্রামজুড়ে দেখা দেয় তীব্র আতঙ্ক। খবর পেয়ে বরুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। উৎসুক জনতাকে সরিয়ে বস্তাটি উদ্ধার করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের উপস্থিতিতে সতর্কতার সঙ্গে বস্তাটির মুখ খোলা হয়। কিন্তু পুলিশ যখন বস্তার মুখ খোলে, তখন সবার চোখ ছানাবড়া! বস্তার ভেতর থেকে মানুষের লাশের পরিবর্তে ভেতর থেকে বেরিয়ে আসে একটি মৃত কুকুর। অবসান ঘটে কয়েক ঘণ্টার আতঙ্কের। স্বস্তির নিঃশ্বাস ফেললেও এমন কা-ে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে এক হাস্যরসের।
বরুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ছিম্পু বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং সবার সামনে বস্তাটি খুলি। ভেতরে একটি মৃত কুকুর পাওয়া গেছে। মানুষের মরদেহ থাকার যে তথ্যটি ছড়িয়েছিল, তা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।