রাশিয়াকে সঙ্গে নিয়ে চীনের বড় সামরিক মহড়া, সতর্কাবস্থায় তাইওয়ান

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৯:১৫ এএম

তাইওয়ানের চারপাশে চীনা নৌবাহিনীর গতিবিধি ‘ঊর্ধ্বমুখী’ এবং তারা এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। সোমবার তিনি জানান, রাশিয়াকে সঙ্গে নিয়ে যৌথ মহড়াসহ চীনের সামরিক মহড়ার পিক সিজনে বেইজিংয়ের যেকোনো নতুন রণকৌশল বিশ্লেষণ করছে তাইওয়ান।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড বলে দাবি করে। তবে তাইওয়ান এই দাবির তীব্র বিরোধিতা করে আসছে। তাদের স্পষ্ট বক্তব্য, কেবল তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। দ্বীপটির চারপাশে চীনের দৈনিক সামরিক কার্যক্রমের ওপর গভীর নজর রাখে তাইওয়ান। তাদের মতে, যেকোনো সম্ভাব্য হামলার আগাম সতর্কবার্তা পাওয়ার সময় দিন দিন কমে আসছে।

তাইওয়ানের ন্যাশনাল সিকিউরিটি ব্যুরোর ডিরেক্টর-জেনারেল সাই মিং-ইয়েন পার্লামেন্টে সাংবাদিকদের বলেন, জুলাই থেকে সেপ্টেম্বর মাস হলো চীনের সামরিক মহড়ার মূল সময়। অতীতের অভিযানের সঙ্গে তুলনা করে এবার চীন কী ধরনের ‘নতুন কৌশল’ বা প্যাটার্ন ব্যবহার করছে, সরকার তা খতিয়ে দেখছে।

তিনি আরও জানান, বর্তমানে পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের চারটি নৌবহর সক্রিয় রয়েছে। সাই মিং-ইয়েন বলেন, ‘সব মিলিয়ে এই মহড়ার মৌসুমে চীনা কমিউনিস্ট নৌ ও সামুদ্রিক বাহিনীর তৎপরতা স্পষ্টতই বাড়ছে।’ অবশ্য এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে গত রবিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, চলতি সপ্তাহে চীনের কিংদাও শহরের উপকূল ও আকাশসীমায় দুই দেশের নৌবাহিনী যৌথ মহড়া চালাবে।

সাই মিং-ইয়েন জানান, গত সপ্তাহেই তাইওয়ান সরকার এই মহড়ার বিষয়ে জানতে পেরেছে এবং আগেভাগেই অভ্যন্তরীণ ব্রিফিং করেছে। তিনি মনে করেন, চীন ও রাশিয়া এই যৌথ অভিযানের মাধ্যমে মূলত ‘ফার্স্ট আইল্যান্ড চেইন’-এ মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তৈরি করা ‘প্রতিরোধ ও প্রতিরক্ষা কৌশল’ নস্যাৎ করতে চাইছে। উল্লেখ্য, জাপান থেকে শুরু করে তাইওয়ান, ফিলিপাইন ও বোর্নিও পর্যন্ত বিস্তৃত এলাকাকে ‘ফার্স্ট আইল্যান্ড চেইন’ বলা হয়।

এদিকে গত শনিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তাইওয়ানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি-জেনারেল জোসেফ উ জানান, গত শুক্রবার পর্যন্ত তারা ফার্স্ট আইল্যান্ড চেইনে চীনের রেকর্ড ১১০টিরও বেশি সামরিক ও কোস্টগার্ড জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করেছেন।

সূত্র: রয়টার্স

×
সর্বশেষ সর্বাধিক পঠিত