আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৭:১৯ এএম

ভারতে ২ বছর কারাভোগের পর ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। তাদের বাড়ি সাতক্ষীরা, খুলনা, নড়াইলসহ দেশের বিভিন্ন জেলায়। এদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ছয় নারী রয়েছেন। গত রবিবার রাত ১০টায় তাদেরকে আনুষ্ঠানিকভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, ৩ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে তারা ভারতের তামিলনাড়ু রাজ্যে যায়। সেখানে তারা বিভিন্ন দোকান ও কৃষি ক্ষেতে কাজ করার সময় সেখানকার পুলিশ আটক করে জেলে পাঠায়। বিচারে তাদের ২ বছরের জেল হয়। সাজার মেয়াদ শেষে তামিলনাড়ু ও সালেম জেলায় একটি বিশেষ শিবিরে রাখা হয় তাদের। পরে নাগরিকত্ব যাচাই ও আইনিপ্রক্রিয়া সম্পন্ন করে তাদের প্রত্যাবাসনের নির্দেশনা জারি করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, ইমিগ্রেশন পুলিশের আইনিপ্রক্রিয়া শেষে ফেরত আসাদের থানায় পাঠানো হয়। পরে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদেরকে আত্মীয়স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের রাতেই নিজস্ব সেল্টার হোমে নিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত