মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত অন্তত ২৫ 

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:৩১ এএম

রাজধানীর পুরান ঢাকার মুরগিটোলা এলাকায় সোমবার (৬ জুলাই) গভীর রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ লাঠিচার্জ করলে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, সোমবার দিবাগতে রাতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী স্থানীয় কয়েকজনের হামলার শিকার হওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর অভিযুক্তরা কাছাকাছি একটি বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘিরে রাখলেও দীর্ঘ সময় গেট বন্ধ থাকায় অভিযুক্তদের কয়েকজন পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ বাড়ির মালিকসহ দুজনকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের একজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার সময় উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে বহু শিক্ষার্থী আহত হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসিরউদ্দিন জানান, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে শিক্ষার্থীর বিরোধের জেরে ঘটনাটির সূত্রপাত। পুলিশের দাবি অনুযায়ী, আটক ব্যক্তিকে থানায় নেওয়ার সময় কিছু শিক্ষার্থী তাকে মারধরের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে বলপ্রয়োগ করা হয়।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, প্রথমে এক জবি শিক্ষার্থী স্থানীয়দের হাতে মারধরের শিকার হন। পরে কয়েকশ শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে বাড়িটি ঘেরাও করেন। পুলিশ একজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে ধস্তাধস্তির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যবস্থা নেয়।

ওসি আরও জানান, এ ঘটনায় একাধিক পুলিশ সদস্যও আহত হয়েছেন। তিনি বলেন, সময়মতো হস্তক্ষেপ না করলে আটক ব্যক্তির নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারত। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর মধ্যরাতেই মুরগিটোলামোড় অরোধ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে পুরো ঘটনার প্রকৃত চিত্র উদঘাটনে তদন্তের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত