প্রশিক্ষকসহ ৬ উগ্রবাদী গ্রেপ্তার

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৭:২০ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) প্রশিক্ষকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার যাত্রাবাড়ী থানার মিনি কক্সবাজার এলাকায় বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ শাহ আমানত সাবির, হোসাইন তানিম, মো. জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও মো. বায়োজিত।

গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানান, আগের দিনের একটি সাধারণ ডায়েরির ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উগ্রবাদী সংগঠনের কয়েকজন ব্যক্তি সেখানে প্রশিক্ষণের জন্য সমবেত হয়েছেন। পরে পুলিশের অভিযানে পালানোর চেষ্টা করলে সেখান থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, গ্রেপ্তারকৃতরা ঘটনাস্থলে সমবেত হওয়ার সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এরা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত। তবে বিষয়টি তদন্তাধীন। গ্রেপ্তারকৃতদের পরে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত