টানা ছয় দিনের বিরতি শেষে আজ মঙ্গলবার (৭ জুলাই ) বিকেলে আবারও শুরু হচ্ছে চলতি সংসদ অধিবেশনের কার্যক্রম। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠক শুরু হবে।
সংসদ সচিবালয়ের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী, দিনের বৈঠকে পাঁচটি মন্ত্রণালয় ও একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়।
এ ছাড়া কার্যপ্রণালী বিধির ৭১ বিধির আওতায় জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট দুটি নোটিশের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদনের পর সংসদের অধিবেশন মুলতবি করা হয়। চলতি অধিবেশনে বাজেটের পাশাপাশি অর্থ বিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ আইনও পাস হয়েছে।
বাজেট উত্থাপনের পর সরকারি ও বিরোধী দলের সদস্যরা অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন এবং আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে আলোচনা করে।