চট্টগ্রামের ৩ জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৮:০০ এএম

রেকর্ড বৃষ্টিপাতে জলাবদ্ধতা ও প্রতিকূল পরিবেশের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তিন জেলা হলোÑ চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলা। এবার সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তাই অন্যান্য শিক্ষা বোর্ডে এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাকি দুই জেলায় (বান্দরবান ও খাগড়াছড়ি) পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। আজ বুধবার ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়Ñ বৈরী আবহাওয়ায় বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার এইচএসসি, মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব জেলায় পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, যেহেতু সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তাই বন্যা পরিস্থিতির কারণে শুধু দুর্গত জেলাগুলোর পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম বোর্ডের বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় যথারীতি পরীক্ষা চলমান থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত