ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানকে ‘অসুস্থ’, ‘অশুভ’ এবং ‘ক্যানসারের মতো’ উল্লেখ করে বলেছেন, এ ধরনের হুমকি শুরুতেই নির্মূল করতে হয়।
বুধবার (৮ জুলাই) আঙ্কারায় ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমার কাছে যুদ্ধবিরতি শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তারা আলোচনা করতে চায়, কিন্তু আমার কাছে এটা সময়ের অপচয়।'
গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করে। এর আওতায় দুই দেশ সামরিক হামলা স্থগিত রাখার পাশাপাশি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে ৬০ দিনের আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছিল।
তবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে ব্যাপক হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, বাণিজ্যিক নৌপথে হামলার জবাব দিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
রাতের ওই হামলার বিষয়ে ট্রাম্প বলেন, 'আমরা খুব শক্তিশালীভাবে হামলা চালিয়েছি। আমরা তাদের বলেছিলাম, ‘তোমরা শেষকৃত্যের প্রস্তুতি নাও’। কিন্তু তার বদলে তারা আবার রকেট ও জাহাজে হামলা শুরু করেছে। তাই আমরা তাদের ওপর কঠোর আঘাত হেনেছি।'
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলা ছিল ইরানের পাল্টা হামলার তুলনায় '২০ গুণ বেশি শক্তিশালী'।
ট্রাম্প আরও বলেন, 'আমি তাদের বলেছিলাম, তোমরা যতবার হামলা করবে, আমরাও ততবার জবাব দেব। কিন্তু তারা নোংরা খেলোয়াড়, তারা সবার ওপর হামলা চালায়। আমি তাদের পছন্দ করি না। তারা অশুভ মানুষ।'
ইরানকে ‘ক্যানসার’-এর সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেন, 'এরা অশুভ, অসুস্থ মানুষ। ক্যানসার যেমন শুরুতেই কেটে ফেলতে হয়, তেমনি এ ধরনের হুমকিও শুরুতেই নির্মূল করতে হয়।'
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করে অনেক সময় নষ্ট করেছে এবং তেহরানের আরও আগেই একটি শান্তি চুক্তিতে পৌঁছানো উচিত ছিল।