নেত্রকোনা

ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবকের যাবজ্জীবন আদেশ

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম

নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে মো. হেলাল মিয়া (৪২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে নগদ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৮ জুলাই) দুপুরে আসামির উপস্থিতিতে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের (নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) বিচারক ড. এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। 

এদিকে, ধর্ষণে জন্ম নেওয়া শিশুটি পিতৃপরিচয়েরও ঘোষণা দেওয়ায় উত্তরাধিকার সূত্রে পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করতে পারবে।

মামলার বিবরণে জানা গেছে, বারহাট্টা উপজেলার স্বল্প দশাল গ্রামের এক গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় প্রসূতি হয়ে পড়লে প্রতিবেশী স্বজনরা বিষয়টি জানতে পারে। এরপর গর্ভপাত করাতে একই গ্রামের ধর্ষক আলম হোসেনের ছেলে হেলাল মিয়া চাপ সৃষ্টি করে। এ ঘটনায় ২০১৩ সালের ১৩ জুলাই বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করে। এরপর পুলিশ ওই বছরের ১১ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ তদন্ত স্বাক্ষ্য প্রমাণ শেষে ডিএনএ পরীক্ষা নিশ্চিত হওয়ার পর আদালতের বিচারক এ রায় দেন।

এদিকে আসামি আটক হয়ে জামিনে বেরিয়ে যাওয়ার পর যুক্তি তর্কের দিন আদালতে উপস্থিত হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর  নির্দেশ দেন।

জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবীর রুবেল জানান,  ১০ স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এবং ডিএনএ পরীক্ষা নিশ্চিত হওয়ায় শিশুটি পিতৃপরিচয় পেয়েছে। এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে মনে করে তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত