পেঁয়াজ-রসুন সংরক্ষণে আরও ৮ হাজার এয়ার ফ্লো মেশিনের পরিকল্পনা

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম

পেঁয়াজ ও রসুনের পচন রোধ করে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দেশের প্রধান প্রধান উৎপাদন এলাকায় আরও ৮ হাজার বায়ুপ্রবাহ (এয়ার ফ্লো) মেশিন স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে আধুনিক সংরক্ষণ ও বিপণন ব্যবস্থা সম্প্রসারণে নতুন একটি প্রকল্প প্রণয়নের কাজও চলছে।

বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। স্পিকারের সভাপতিত্বে প্রশ্নোত্তরটি টেবিলে উত্থাপিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পেঁয়াজ ও রসুনের অপচয় রোধ এবং সংরক্ষণ ব্যবস্থা আধুনিকায়নের লক্ষে সরকার ইতোমধ্যে একাধিক বাস্তবমুখী পদক্ষেপ বাস্তবায়ন করেছে। তিনি জানান, ‘বাংলাদেশ পেঁয়াজ উৎপাদন এলাকায় পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে পেঁয়াজ সংরক্ষণ’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩ হাজার ৫০০টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

এছাড়া ‘কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ফরিদপুরসহ বিভিন্ন জেলায় ৯০০টি মডেল সংরক্ষণ ঘর নির্মাণ করা হয়েছে। এসব ঘরের প্রতিটির ধারণক্ষমতা ১০ থেকে ১২ টন, যা কৃষকদের ফসল দীর্ঘ সময় সংরক্ষণে বড় ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রী জানান, শুধু প্রযুক্তি সরবরাহ নয়, কৃষকদের প্রয়োজনীয় কারিগরি জ্ঞান ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সরাসরি বাজার সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৯ হাজার কৃষকের মধ্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে ‘বায়ুপ্রবাহ পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন’ শীর্ষক একটি নতুন প্রকল্প প্রণয়ন করা হচ্ছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রধান উৎপাদন এলাকাগুলোতে নতুন করে আরও ৮ হাজার বায়ুপ্রবাহ মেশিন স্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী সংসদে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে পেঁয়াজ ও রসুনের পচনশীলতা ও অপচয় উল্লেখযোগ্য হারে কমবে। এর ফলে কৃষকরা অফ-সিজনে বা মৌসুম শেষে পণ্য বিক্রি করে ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত