যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইরানের প্রতিটি হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী ২০ গুণ বেশি শক্তিশালী পাল্টা আঘাত হানবে। তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান 'এয়ার ফোর্স ওয়ান'-এ সফররত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ইরানের এখন আর খুব বেশি কিছু অবশিষ্ট নেই এবং তারা একটি চুক্তি করার জন্য ভীষণ মরিয়া হয়ে উঠেছে।
তবে ইরানের সাথে নতুন কোনো চুক্তি করার বিষয়ে নিজের অনীহা প্রকাশ করে ট্রাম্প বলেন, আমি আসলেই জানি না তারা চুক্তি করার যোগ্য কি না। তারা সেই চুক্তি আদৌ মেনে চলবে কি না, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।
চুক্তি করতে চাওয়ার পরও ইরান কেন আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাচ্ছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সত্যি বলতে, তারা এক ধরণের উন্মাদ। বিষয়টি পাগলামির মতো শোনায়; তারা কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে, তবে তারা ভেতরে ভেতরে একটি চুক্তি করতে তীব্রভাবে ব্যাকুল।
ইরানের বিরুদ্ধে বড় ধরণের প্রতিশোধমূলক ব্যবস্থার সতর্কতা দিয়ে ট্রাম্প বলেন, আমরা মাত্রই তাদের ওপর খুব শক্তিশালী আঘাত হেনেছি। এখন থেকে প্রতিবার তারা আমাদের আঘাত করার চেষ্টা করলে, আমরা তাদের ২০ গুণ বেশি আঘাত করব।
যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের দিকে যাচ্ছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি উত্তর না দিয়ে বলেন, আমি জানি না। আমাদের জেতার অনেক উপায় আছে, তবে সামরিক দিক থেকে আমরা ইতিমধ্যেই জিতে গেছি।
বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম