বেলকুচি পৌরসভার পানির লাইনে গ্যাসসদৃশ পদার্থের সন্ধান

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৯:১৯ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে পৌরসভার নতুন স্থাপিত পানির পাম্পের পাইপলাইনে গ্যাসসদৃশ পদার্থের সন্ধান পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বেলকুচি ফায়ার সার্ভিসের উপস্থিতিতে উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে গ্যাসসদৃশ পদার্থের অস্তিত্বের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বেলকুচি থানা-সংলগ্ন মাজেম মিয়ার গড়ানে পানির পাম্প থেকে সরবরাহকৃত পাইপলাইনে কোনো এক কারণে আগুন ধরে যায় এবং দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয়।

খবর পেয়ে পৌরসভার প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরিদর্শন করেন। পরে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বেলকুচি ফায়ার সার্ভিস ও উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির ডিজিএম ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে গ্যাসসদৃশ পদার্থের অস্তিত্বের সন্ধান পান।

এ বিষয়ে উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির ডিজিএম হিল্লোল বলেন, ‘প্রাথমিকভাবে পানির লাইনে গ্যাসের অস্তিত্বের নমুনা পাওয়া গেছে। তবে এটি কী ধরনের গ্যাস এবং এর উৎস কোথায়, তা নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল বিকেল ৪টায় পুনরায় পরীক্ষা করা হবে পানিতে আগুন জ্বলে কি না। যদি আগুন জ্বলে, তাহলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি চিঠির মাধ্যমে বাপেক্সকে (BAPEX) জানানো হবে।’

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা বেলকুচি ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে গ্যাসসদৃশ পদার্থের সন্ধান পেয়েছেন।

আগামীকাল বিকেল ৪টায় আবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তখনও যদি পানিতে আগুনের অস্তিত্ব পাওয়া যায়, তাহলে চিঠির মাধ্যমে বাপেক্সকে আমন্ত্রণ জানানো হবে। বিষয়টি জেলা প্রশাসককেও অবহিত করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত