গোপালগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম

গোপালগঞ্জে ৮ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 

সোমবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা গেছে, কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের উজ্জ্বল বিশ্বাস ৮ম শ্রেণির শিক্ষার্থীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। কিন্তু সে কুপ্রস্তাবে রাজী না হওয়ায় ২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় অপর আসামি কল্পনা বিশ্বাস পিঠা বানানোর লোভ দেখিয়ে তাকে ডেকে ঘরের মধ্যে নিয়ে যায়। 

এসময় অপর আসামি উজ্জ্বল বিশ্বাস জোরকরে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই বছরের ১০ অক্টোবর কাশিয়ানী থানায় ধর্ষিতার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।  

পরে তদন্ত ও সাক্ষ্য প্রদান শেষে আদালত উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন ও এক লাখ টাকা এবং অপর আসামি কল্পনা বিশ্বাসকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিজ্ঞ পাবলিক প্রসিকিউটার মো. তৌফিকুল ইসলাম বলেন, এই রায়ে তারা সন্তুষ্ট এবং এতে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী অ্যাড. মো. কদরে আলম খান বলেন, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত