চলতি সপ্তাহে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে চরম আবহাওয়া ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। টানা ভারী বৃষ্টিপাতে দক্ষিণ চীনের গুয়াংজি অঞ্চলে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৯ জন।
গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে লিউলান জলাধারের বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায়। ওই এলাকায় এখনো সাত জন নিখোঁজ রয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, বাঁধের ভেঙে পড়া অংশ দিয়ে প্রচণ্ড গতিতে পানি প্রবাহিত হচ্ছে। উদ্ধারকর্মীরা লাইফ জ্যাকেট পরে রাবার বোটে করে দুর্গত এলাকায় পৌঁছাচ্ছেন।
এএফপির জানিয়েছে, গত বুধবার লিউলানের অনেক জায়গা থেকে বন্যার পানি নেমে গেছে। তবে রাস্তা ও ঘরবাড়ি ঘন কাদায় ঢেকে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা নিজেদের বাড়িঘর পরিষ্কারের কাজ শুরু করেছেন।
তাদের মধ্যে কেউ কেউ ক্ষতিগ্রস্ত গৃহস্থালি সামগ্রী তুলে আনতে খননযন্ত্র ব্যবহার করছেন। এদিকে, চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেই একটি শক্তিশালী সুপার টাইফুন চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর দিকে এগিয়ে যাচ্ছে।