ইরান যুদ্ধের ডামাডোলে পাঁচ বছরে পড়া ইউক্রেন যুদ্ধ খানিকটা আড়ালে পড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে রক্তক্ষয়ী এই সংঘাত সহসাই থামছে না। সম্প্রতি সম্মুখ যুদ্ধক্ষেত্রে বড় সফলতার দাবি করেছে রাশিয়া। মস্কো বলছে ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ানতিনিভকা দখলে নিয়েছে রুশ সেনাবাহিনী। বিপরীতে সম্প্রতি রাশিয়ার জ্বালানি ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে ইউক্রেন। কিয়েভের হামলায় রাশিয়ার জ্বালানি সংকটের কথা স্বীকার করলেও, পুতিন বলেছেন এ ধরনের হামলা রাশিয়াকে অস্থিতিশীল করতে পারবে না, রাশিয়ার জনগণের মধ্যেও ভীতি জাগাতে পারবে না।
গত বুধবার মস্কোতে রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর ক্রেমলিন থেকে মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন পুতিন। সেই বৈঠকে তিনি বলেন, ‘এটা ইতিমধ্যে সম্পূর্ণ স্পষ্ট যে শত্রুপক্ষ জ্বালানি খাতে লাগাতার হামলার মাধ্যমে আমাদের অর্থনীতিকেই ধ্বংস করতে চাইছে। তাদের ধারণা যে এসব হামলায় রাশিয়া অস্থিতিশীল হয়ে উঠবে। তিনি আরও বলেন, কিন্তু সত্য হলো রাশিয়ার জ্বালানি ব্যবস্থা বিশ্বের সবচেয়ে সহনশীল জ্বালানি ব্যবস্থা। শত্রুপক্ষের এসব হামলায় রাশিয়ার অর্থনীতি ধ্বংস হবে না, সাধারণ রুশ জনগণের মধ্যেও ভীতির সঞ্চার করতে পারবে না। সুতরাং যে লক্ষ্য শত্রুরা লক্ষ্যের জন্য হামলা করছে, তা অর্জন তাদের জন্য অসম্ভব।’ পাশাপাশি রাশিয়া থেকে কৃষ্ণসাগরের উপদ্বীপ ক্রিমিয়ায় চলাচলকারী যানবাহনেও হামলা করছে ইউক্রেনীয় বাহিনী। যানবাহনে হামলার কারণে শুধু গত সপ্তাহেই নিহত হয়েছেন ৩৮ জন বেসামরিক এবং আহত হয়েছেন ২৭০ জন। ইউক্রেনের সাম্প্রতিক এসব হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে মস্কো।
এদিকে, ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের ক্ষেপণাস্ত্র রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইউক্রেনকে সহায়তা করতে পারে। গত বুধবার তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ট্রাম্প বলেন, ‘আমরা তোমাদের প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স দেব।’ তিনি আরও বলেন, কীভাবে তৈরি করতে হবে তা বুঝিয়ে দিলে তারা খুব দ্রুতই এটি উৎপাদন করতে পারবে। এ সিদ্ধান্তের বিষয়ে তিনি এখনো প্রতিরক্ষা পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও রেথিয়নকে আনুষ্ঠানিকভাবে জানাননি উল্লেখ করে ট্রাম্প বলেন, দ্রুতই তাদের অবহিত করা হবে।
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিশ্বের অন্যতম কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। এটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আকাশেই ধ্বংস করতে পারে। ক্ষেপণাস্ত্রসহ একটি পূর্ণাঙ্গ প্যাট্রিয়ট ব্যাটারির মূল্য প্রায় ১০০ কোটি ডলার। তবে এর উৎপাদনও সময়সাপেক্ষ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, বছরে মাত্র ৬০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি হয়। যুক্তরাষ্ট্রও নিজেদের মজুদ থেকে সহজে এগুলো দিতে চাইছে না। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) তথ্য অনুযায়ী, চলতি বছরের ইরান যুদ্ধের সময় দেশটি নিজেদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের অর্ধেকেরও বেশি ব্যবহার করেছে।
ইউক্রেনের জন্য এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত জরুরি বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। শুধু গত সপ্তাহেই রাজধানী কিয়েভে একাধিক হামলায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। চলতি বছর মে মাসের শেষ দিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছিলেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের লাইসেন্স নিয়ে দেশে উৎপাদনের অনুমতি চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে ইউক্রেন।