জামায়াত থাকতে আওয়ামী লীগের আর প্রয়োজন নেই: রাশেদ খান

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপির নেতা মুহাম্মদ রাশেদ খান অভিযোগ করেছেন, মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে জামায়াত-শিবির আওয়ামী লীগের চেয়েও এগিয়ে। তাঁর ভাষায়, মিথ্যা ও প্রোপাগান্ডায় ওদের কাছে আওয়ামী লীগ শিশু। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, জামায়াত থাকতে আওয়ামী লীগের আর প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া দুটি পৃথক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

প্রথম স্ট্যাটাসে রাশেদ খান অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় আহত হওয়ার একটি ছবি জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করছেন।

তিনি দাবি করেন, অতীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় আহত হওয়ার সেই ছবি এমনভাবে প্রচার করা হচ্ছে, যেন তিনি কোনো অপকর্ম করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত হয়ে অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানতে চাওয়ায় তিনি ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন বলে উল্লেখ করেন।

রাশেদ খান আরও বলেন, জামায়াতের কর্মকাণ্ডে তাঁর কাছে স্পষ্ট হচ্ছে, আওয়ামী লীগের আর প্রয়োজন নেই। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রই এখন জামায়াত ধারণ করেছে।

পরে দেওয়া আরেকটি সংক্ষিপ্ত স্ট্যাটাসে জামায়াত-শিবিরের কড়া সমালোচনা করেন তিনি। সেখানে তিনি লেখেন, যুক্তিতে না পেরে তারা মিথ্যার আশ্রয় নেয়। তাঁর দাবি, মিথ্যা ও প্রোপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে জামায়াত-শিবির আওয়ামী লীগের চেয়েও এগিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত