চট্টগ্রামের হাটহাজারীতে নুরুল আজিম ওরফে আজম (৪৫) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। উপজেলার মেখল ইউনিয়নের পশ্চিম মেখল খলিফাপাড়া এলাকার একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আজম ওই এলাকার মৃত ইসলামের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের জমিতে মাছ ধরতে যান আজম। এ সময় দুই ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয়দের দাবি, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, অভিযোগ উঠেছে স্থানীয় দিদারুল নামের এক ব্যক্তির নেতৃত্বে হত্যাকাণ্ডটি ঘটেছে। সে চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত। দিদারুলের বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।