কাকলী র‍্যাম্পের নিচে থৈ থৈ পানি, চালকদের সতর্ক থাকার নির্দেশ

আপডেট : ১২ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম

টানা ভারী বর্ষণে রাজধানীর বেশ কিছু নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত ও ঢাকা গেটসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। সড়কগুলোতে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে এবং অনেক জায়গায় ধীরগতির কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

রবিবার (১২ জুলাই) ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ নগরীর ট্রাফিক পরিস্থিতি নিয়ে এই সতর্কতা জারি করেছে। ট্রাফিক পুলিশ জানিয়েছে, কাকলী মোড়ে এক্সপ্রেসওয়ে থেকে নামা গাড়ি এবং নিচের সড়কের যানবাহনগুলোকে চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। পানি জমে থাকায় চালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

পরিস্থিতি বিবেচনায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধ সড়কগুলোতে গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখা, সামনের যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

রাস্তায় সৃষ্ট যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ট্রাফিক বিভাগ সাধারণ মানুষকে পুলিশের নির্দেশনা মেনে চলার এবং রাস্তায় ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। সবার সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত