বৃদ্ধাকে গলা কেটে হত্যার পর টাকা ও স্বর্ণালংকার লুট

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০১:৪৬ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া এলাকার একটি বাসায় ঢুকে শাহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার পর টাকা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পুলিশ খবর পেয়ে দনিয়া রসুলপুরের অনাবিল হাসপাতাল রোডের একটি নির্মাণাধীন বাড়ির ৭ তলার বাসা থেকে শাহিদা বেগমের মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, শাহিদা বেগম ও তার ছেলের বউ শারমিন আক্তার ওই বাসায় থাকতেন। ছেলে বিল্লাল হোসেন মালয়েশিয়া প্রবাসী। শারমিন একটি ডেন্টাল ক্লিনিকে চাকরি করেন। শনিবার রাতে শারমিন কাজ থেকে বাসায় ফিরে দেখতে পান বাসার সব জিনিসপত্র এলোমেলো। তার শাশুড়ি রক্তাক্ত ও মৃত অবস্থায় ফ্লোরে পড়ে আছেন।

এসআই আরও জানান, নিহত শাহিদার গলার বাম পাশে একটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসায় ঢুকে লুটপাট করা চেষ্টা করে। তখন ওই বৃদ্ধা নারী দেখে ফেলায় তাকে ধারালো অস্ত্র দিয়ে গলার বাম পাশে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। তার গলার চেইন, কানের দুল ও ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এছাড়া অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশে সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

নিহত নারীর বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সিদলাই গ্রামে। স্বামীর নাম মৃত শফিকুল ইসলাম সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত