বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শেহবাজ শরিফ বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রবিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি এই সমবেদনা জানান।

পোস্টে শেহবাজ শরিফ বলেন, ‌‘বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমি গভীরভাবে মর্মাহত।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমাদের অবিচল সংহতি প্রকাশ করছি। আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত সব মানুষের নিরাপত্তা কামনা করছি।’

বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে টানা ভারি বর্ষণ ও আকস্মিক বন্যায় শনিবার (১১ জুলাই) পর্যন্ত ৩৯ জন মারা যায়।

একই সঙ্গে বিভাগের পাঁচ জেলার অন্তত ৯ লাখ ২৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর পানি বৃদ্ধি, পাহাড়ধস ও বন্যার পানিতে ডুবে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজার জেলায়। সেখানে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত